
রাজধানীর শেরেবাংলা নগরে নতুন বাংলাদেশ সচিবালয় স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর বিজয় দিবসে উদ্বোধনী আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বুধবার (২৫ নভেম্বর) এ-সংক্রান্ত চিঠি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন পায়। পরিকল্পনা অনুযায়ী, পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণ করা হবে। এতে প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা, ৩ হাজার ৮০০ গাড়ির পার্কিং এবং ৩০ শতাংশ এলাকায় সবুজায়ন ও জলাধারের পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের মধ্যে কার্যক্রম শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে জমির মালিকানা নিয়ে আপত্তি জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি এবং সেখানে সচিবালয় নির্মিত হলে গবেষণা ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। এ সিদ্ধান্তের প্রতিবাদে তারা মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। অন্যদিকে, মন্ত্রণালয়ের দাবি, জমিটি গণপূর্তের নামে; তবে মালিকানার বিষয়টি খতিয়ে দেখা হবে। সরকার বর্তমান সচিবালয়ের ভবনগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা ও জায়গার সংকটকে স্থানান্তরের কারণ হিসেবে উল্লেখ করেছে।