November 27, 2026, 7:23 am

পঞ্চগড়ে শীতের আগমনে অতিথি পাখির কলকাকলি

অভয়নগর প্রতিবেদক

 

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় দেখা মিলছে অতিথি পাখির ঝাঁক। ভারতের সীমান্তঘেঁষা এ জেলায় শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে। রাতের নীরবতায় পাখির ডাক শোনা যায়, আর সকালে সীমান্ত এলাকার খাল-বিল ও জলাশয়ে দেখা মেলে তাদের বিচরণ। পানিতে ও ডাঙায় বিভিন্ন পোকামাকড় খেয়ে দিন কাটায় পাখিগুলো। বিকেলে ঝাঁকে ঝাঁকে গাছের ডালে আশ্রয় নেয় তারা। পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে গ্রামাঞ্চল।

তবে এসব অতিথি পাখি শিকারের আশঙ্কাও রয়েছে। কিছু শিকারি পাখি শিকারের চেষ্টা করলেও সচেতন মহল এ বিষয়ে সতর্ক রয়েছে। অন্যদিকে, পঞ্চগড়ে শুরু হয়েছে ধান কাটার মৌসুম। মাঠে মাঠে কৃষকেরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। শীতের সন্ধ্যায় গ্রামাঞ্চলের বাড়িতে বসছে ভাপা ও চিতই পিঠা খাওয়ার আয়োজন। গুড়, ধনেপাতা, শুঁটকি ও সরিষা বাটার ভর্তা দিয়ে পিঠা খাওয়ার পাশাপাশি চুলার পাশে বসে শীতের উষ্ণতা উপভোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তীব্র শীতে বয়স্কদের খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতেও দেখা যাচ্ছে।

এদিকে, শীত মৌসুমে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকেরা ছুটে আসছেন। এতে স্থানীয় আবাসিক হোটেলগুলোতে পর্যটকদের আনাগোনা বাড়ছে। তবে আকাশ পরিষ্কার থাকলেই কেবল কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। মেঘলা বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় অনেক পর্যটককে দৃশ্যটি না দেখেই ফিরে যেতে হয়। সব মিলিয়ে অতিথি পাখির আগমন, ফসল কাটার ব্যস্ততা ও পর্যটকদের উপস্থিতিতে শীতের পঞ্চগড়ে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ।



ফেসবুক কর্নার