
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে মো. রাজিব হোসেন (৩৮) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১২-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হওয়ার পর ওই ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় ৫ নভেম্বর ছাত্রীর মা রাজিব হোসেন ও তাঁর মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণ মামলা করেন। রাজিব হোসেন উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে এবং স্থানীয় অধ্যয়ন একাডেমি কোচিং সেন্টারের পরিচালক।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, রাজিব এর আগেও একইভাবে দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। পরে কয়েক মাসের ব্যবধানে তাঁদের তালাক দেন। বর্তমানে তাঁর ঘরে একজন স্ত্রী রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার রাজিবকে উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১২।