July 16, 2026, 9:56 pm
শিরোনাম :

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির দীর্ঘদিনের বিভক্তি, নতুন কমিটির অপেক্ষায় নেতাকর্মীরা

ফাওজুর রহমান সাবিত স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ-৪ (ঝিনাইদহ সদরের আংশিক ও কালীগঞ্জ) আসনে দীর্ঘদিন ধরে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি, নেতৃত্বের দ্বন্দ্ব এবং সাংগঠনিক অস্থিরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ সময় পূর্ণাঙ্গ উপজেলা কমিটি না হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। ফলে সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্রুত একটি গ্রহণযোগ্য কমিটি ঘোষণার দাবি জোরালো হচ্ছে।

একসময় বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে ১৯৭৯ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মরহুম এবাদত হোসেন মণ্ডল সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে মরহুম আলহাজ এম. শহিদুজ্জামান বেল্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর টানা চারবার এ আসনের প্রতিনিধিত্ব করেন এবং এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।

তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মরহুম আব্দুল মান্নানের কাছে পরাজয়ের পর থেকে দীর্ঘ ১৭ বছর আসনটি বিএনপির বাইরে চলে যায়। এ সময় হামলা-মামলা, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের বিরোধ এবং মনোনয়নকে কেন্দ্র করে বিভক্তি কালীগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে বড় প্রভাব ফেলে।

দলের দুঃসময়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মরহুম মাহবুবার রহমান ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে একটি অংশ সক্রিয় থাকলেও, সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর অনুসারীরা পৃথকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তীতে এ বিভক্তি আরও স্পষ্ট হয়ে ওঠে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, হামিদুল ইসলাম হামিদ, ব্যবসায়ী হারুন অর রশীদ মোল্ল্যাসহ একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পান সাইফুল ইসলাম ফিরোজ। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল আজীম আনার বিজয়ী হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় মনোনয়ন না পেয়ে সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। অন্যদিকে মুর্শিদা জামান বেল্টু মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং হামিদুল ইসলাম হামিদ দলীয় প্রার্থী রাশেদ খানের পক্ষে প্রচারণায় অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় সাইফুল ইসলাম ফিরোজকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তাঁর সমর্থনকারী বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় নেতাদের মতে, নির্বাচনে বিএনপির ভোট বিভক্ত হওয়ায় দলীয় প্রার্থী রাশেদ খান ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ—দুজনই পরাজিত হন। নির্বাচনে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবু তালিব।

বর্তমানে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। বহিষ্কৃত অনেক নেতা এখনো দলে ফিরতে পারেননি, অন্যদিকে বর্তমান নেতারাও নতুন কমিটিতে স্থান পাওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, জনগণের অনুরোধেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তাঁর দাবি, নির্বাচনে বিএনপির একটি বড় অংশ তাঁকে সমর্থন দিয়েছিল এবং তিনি বা তাঁর সমর্থকরা অন্য কোনো দলে যোগ দেননি। তিনি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সবাইকে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, তিনি সবসময় দলীয় সিদ্ধান্ত মেনে রাজনীতি করেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করেছেন। তাঁর মতে, দলের ঐক্য অটুট থাকলে বিএনপি এ আসনে জয়ী হতে পারত। তিনি দ্রুত একটি গ্রহণযোগ্য উপজেলা কমিটি গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

গত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান বলেন, নির্বাচনে পরাজয়ের পেছনে পর্যাপ্ত প্রস্তুতির অভাব, দলীয় অসহযোগিতা এবং ভোট বিভক্তি ভূমিকা রেখেছে। তবে তিনি অতীতের বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান। উপজেলা কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় হাইকমান্ড নেবে বলেও তিনি উল্লেখ করেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিষয়ে এখনো দলীয় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্থানীয় সরকার নির্বাচন শেষে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পূর্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষণা করা হবে। তিনি নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে দলীয় ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।



ফেসবুক কর্নার