July 25, 2026, 10:31 pm

মুম্বাইয়ে বিক্ষোভে পুলিশের গাড়ি আটকে ভাইরাল, কে এই মডেল?

অভয়নগর প্রতিবেদক

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে গড়ে ওঠা আন্দোলনের এক অন্যতম বড় প্রতিচ্ছবি হয়ে উঠেছেন ২৭ বছর বয়সী মডেল ও অভিনেত্রী রিয়া আহির। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় বৃষ্টিতে ভিজে একা হাতে পুলিশের প্রিজন ভ্যান আটকে দেয়া তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি ব্যাপক প্রশংসায় ভাসছেন। খবর এনডিটিভি।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে মুম্বাইয়ের শিবাজি পার্ক (দাদার), চেম্বুর ও শিবসেনা ভবনের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এমনই এক বিক্ষোভ চলাকালে পুলিশ আন্দোলনকারীদের আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছিল।

হুট করেই ধূসর রঙের হুডি ও ক্যাপ পরিহিত রিয়া আহির চলন্ত ভ্যানের সামনে গিয়ে দাঁড়ান এবং দুই হাত প্রসারিত করে গাড়িটি আটকে দেন। পুলিশ গাড়িটি কিছুটা বেগবান করার চেষ্টা করলেও তিনি একচুলও সরে যাননি। বৃষ্টির মধ্যেই একা একটি মেয়েকে এভাবে ভ্যান আটকে থাকতে দেখে আশেপাশে উপস্থিত মানুষ গর্জে ওঠেন এবং স্লোগান দিতে শুরু করেন। দীর্ঘ ৪০ মিনিট এই অটল প্রতিরোধের পর আটক শিক্ষার্থীদের ছাড়তে বাধ্য হয় পুলিশ।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে রিয়া আহির বলেন, ‘‘আমি দেখতে পাই পুলিশ শিক্ষার্থীদের অহেতুক ধরে নিয়ে যাচ্ছে। ওদের চিৎকার শুনে আমি নিজেকে সামলাতে পারিনি। ভেতর থেকে কাঁপছিলাম ঠিকই, কিন্তু জানতাম আমি যা করছি তা সঠিক।’’

কে এই রিয়া আহির?

রিয়া আহির পেশায় একজন মডেল, থিয়েটারশিল্পী এবং উদ্যোক্তা। তিনি সম্প্রতি ‘দিলবারা’ নামের একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এছাড়া দেশীয় কারুশিল্পীদের তৈরি পোশাক নিয়ে ‘রিয়াসত’ নামে তার নিজস্ব ব্র্যান্ড রয়েছে।

রিয়া নিজে এই পরীক্ষার পরীক্ষার্থী নন। তবে নাগরিকদের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি রাজপথে নেমেছেন বলে জানান। তিনি আরও জানান, তার বাবা ভারত-তিব্বত সীমান্ত পুলিশে কর্মরত ছিলেন। পরিবারের অন্য সদস্যরাও সেনাবাহিনীতে সেবা দিয়েছেন। অন্যায়ের প্রতিবাদ করার সাহস তিনি পরিবার থেকেই পেয়েছেন।

অনলাইনে বহু মানুষ তাকে ‘সাহসী প্রতিবাদী’ ও ‘হিরো’ বলে আখ্যা দিয়েছেন। জনপ্রিয় কমেডিয়ান রোহান জোশীসহ বহু তারকা তার এই সাহসিকতার প্রশংসা করেছেন।

তবে ইন্টারনেটের একাংশ এটিকে ‘সাজানো নাটক’ বা ‘প্রচার পাওয়ার উপায়’ বলে দাবি করলে, সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়া তার কড়া জবাব দিয়েছেন। তিনি ‘আমি হাত-পা গুটিয়ে বসে থাকতে পারিনি। আমার হাঁটুতে আঘাত থাকা সত্ত্বেও আমি দাঁড়িয়েছিলাম। মুখ ঢেকে হুডি পরা অবস্থায় আমি ভ্যানের সামনে দাঁড়িয়েছিলাম, তাই প্রচারের জন্য করেছি- এমন কথা বলবেন না। আমার সমর্থনে আওয়াজ তুলতে হবে না, যে শিক্ষার্থীরা ভুক্তভোগী তাদের জন্য কথা বলুন।’

দিল্লির ঘটনার জের ধরে মুম্বাই জুড়ে শিক্ষার্থীদের এই অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পুলিশের অননুমোদিত জমায়েতের অভিযোগে ১৮ থেকে ২২ জুলাইয়ের মধ্যে অন্তত ১৩টি এফআইআর দায়ের করা হয়েছে এবং প্রায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এর পাশাপাশি আগামী ৬ আগস্ট পর্যন্ত মুম্বাই জুড়ে ৫ বা ততোধিক মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।



ফেসবুক কর্নার