স্বাস্থ্যসেবা পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসক ও এক কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
আবু জাফর স্টাফ রিপোর্টার সাতক্ষীরা
Update Time :
Sunday, July 26, 2026
/
35 Time View
/
Share
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোববার (২৬ জুলাই) সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন। দিনব্যাপী এ পরিদর্শনে হাসপাতালগুলোর চিকিৎসাসেবা, অবকাঠামো, চিকিৎসক-কর্মচারীদের উপস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শন শেষে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নি, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সোহানা সেলিম এবং তালা হাসপাতালের নিরাপত্তাকর্মী মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।
দুপুরে প্রায় এক ঘণ্টাব্যাপী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন মন্ত্রী। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ নেন। এ সময় হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরতি খোদা হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মান, জনবল সংকট এবং চলমান উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে চিকিৎসক ডা. সোহানা সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও কম। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। তবে সীমিত জনবল নিয়েও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি হাসপাতালের রান্নাঘর, বাথরুম, ওয়ার্ড, চিকিৎসকদের উপস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে উপস্থিতি ও শৃঙ্খলার বিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। পাশাপাশি রোস্টার ডিউটি যথাযথভাবে পরিচালনা এবং নার্সদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মন্ত্রী হাসপাতালের ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার, রান্নাঘর, ওয়াশরুম ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন। সম্প্রতি হাসপাতালের এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নিরাপত্তাকর্মী মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া হাসপাতালের চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করা এবং ওয়াশরুমসহ অন্যান্য উন্নয়নকাজ নিয়মিত তদারকির নির্দেশ দেন।
বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন বিভাগ ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার খোঁজ নেন। পরিদর্শন শেষে শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী উচ্চশিক্ষিত তরুণী শারমিন আক্তারের সঙ্গে কথা বলে আগামী ১ আগস্ট থেকে চাকরির সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। খুব শিগগিরই মাটি পরীক্ষার কাজ শুরু হবে। সেখানে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের পাশাপাশি নারী ও পুরুষের জন্য পৃথক প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার ও ট্রমা সেন্টার স্থাপন করা হবে।
দিনব্যাপী পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরতি খোদা, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোর চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।