August 20, 2026, 1:51 pm

আয়শা খানের হিরের আংটি ঘিরে গোপন বাগ্‌দানের জল্পনা

অভয়নগর প্রতিবেদক

‘ধুরন্ধর’-খ্যাত অভিনেত্রী আয়শা খানকে ঘিরে সম্প্রতি গোপনে বাগ্‌দানের জল্পনা তৈরি হয়েছে। অনামিকায় হিরের আংটি পরা অবস্থায় এক রহস্যময় পুরুষের সঙ্গে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে এ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, সত্যিই কি ‘শরারত’খ্যাত এই অভিনেত্রী মনের মানুষ খুঁজে পেয়েছেন?

সম্প্রতি আয়শা খান রহস্যময় এক পুরুষের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন। ছবিগুলোতে ওই ব্যক্তির মুখ আড়াল করে রাখা হয়েছে। তবে আয়শার অনামিকায় থাকা হিরের আংটি নজর কাড়ে। এ থেকেই বাগ্‌দানের জল্পনা শুরু হয়। যদিও ছবির ক্যাপশন বলছে, এর পেছনে অন্য কোনো গল্পও থাকতে পারে। ধারণা করা হচ্ছে, এটি কোনো গয়না প্রতিষ্ঠানের ফটোশুটের অংশ হতে পারে। এ বিষয়ে আয়শা নিজে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ছবির সঙ্গে তিনি শুধু লিখেছেন, ‘একটা স্বপ্ন।’

‘ধুরন্ধর’-এর জনপ্রিয় গান ‘শরারত’-এর সঙ্গে নেচে ব্যাপক প্রশংসা ও পরিচিতি পান আয়শা। গানটিতে তাঁর সঙ্গে ছিলেন ক্রিস্টল ডি’সুজা। করাচির একটি জাঁকজমকপূর্ণ বিয়ের আবহে গানটির শুটিং হয়েছিল। সাক্ষাৎকারে আয়শা জানিয়েছিলেন, গানটির শুটিং টানা দুই দিন চলেছিল এবং প্রচণ্ড কাজের চাপের কারণে তিনি শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। একপর্যায়ে আবেগ সামলাতে না পেরে কেঁদেও ফেলেছিলেন তিনি। এছাড়া যন্তর মন্তরের আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের সমর্থনে মুম্বইয়ে আন্দোলনে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হওয়ার ঘটনাতেও আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। তবে হিরের আংটি ও রহস্যময় ছবিকে ঘিরে সাম্প্রতিক বাগ্‌দানের গুঞ্জনের বিষয়ে তাঁর পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার