August 20, 2026, 4:39 pm

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন

অভয়নগর প্রতিবেদক

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। বৈধ ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ায় মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ সংসদ সদস্যরা পর্যায়ক্রমে ভোট দেন। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে নির্বাচন কমিশনের সদস্যদের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয়। চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও এ সময় উপস্থিত ছিলেন। ভোট গণনা শেষে সিইসি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।



ফেসবুক কর্নার