
মেজর লিগ সকারের (এমএলএস) উত্তেজনাপূর্ণ ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের খেলোয়াড় কুইন সুলিভানের সঙ্গে উত্তপ্ত ঘটনায় জড়িয়ে আলোচনায় এসেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
বুধবার (১৯ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত গোল করেন মেসি। তার নৈপুণ্যে একপর্যায়ে ইন্টার মায়ামি ২-১ গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে বলের বাইরে সুলিভানের একটি মুভমেন্ট নিয়ে আপত্তি জানান মেসি। তার অভিযোগ, সুলিভান তাকে কনুই দিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে ভিডিও ফুটেজে মেসিকে সুলিভানের মাথার পেছনে হাত দিয়ে আঘাত করতে দেখা যায়। পরে রেফারি ও অন্য খেলোয়াড়েরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার সময় মেসিকে কোনো কার্ড দেখাননি রেফারি। তবে ভিডিও পর্যালোচনার পর এমএলএস ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। অফ-দ্য-বল আচরণের অভিযোগ প্রমাণিত হলে মেসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা, জরিমানা কিংবা সতর্কবার্তার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ১৩ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন মেসি। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো নিষেধাজ্ঞা এলে তা দলের জন্য বড় ধাক্কা হতে পারে।