
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বঙ্গভবন, মতিঝিল ও গুলিস্তান এলাকায় ভিআইপি চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি সড়কে সাধারণ যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না। মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) এবং রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। একই সময়ে দৈনিক বাংলা থেকে রাজউকমুখী বাণিজ্যিক যানবাহন চলাচলও বন্ধ থাকবে।
গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতে শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ডিএমপি। পরিস্থিতি অনুযায়ী বাসগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। হানিফ ফ্লাইওভার দিয়ে আসা গাড়িগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না নিয়ে ফুলবাড়িয়া অথবা ইউবিএল ক্রসিং দিয়ে চলাচল করতে বলা হয়েছে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল-নাইটিঙ্গেল-ফকিরাপুল হয়ে শাপলা চত্বর সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। সাময়িক এই ট্রাফিক ব্যবস্থার কারণে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে কিছুটা বিলম্ব ও ভোগান্তি হতে পারে। এ জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।