
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া চাঁদকাঠীর বাসিন্দা হাফেজ নূর উদ্দিন জাকারিয়া সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। বুধবার (১৯ আগস্ট) সৌদি আরবে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
জানা গেছে, বিশ্বের ১৩৩টি দেশের কয়েকশ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ নূর উদ্দিন জাকারিয়া। তিনি চাঁদকাঠী গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির ছেলে। ছয় বছর বয়সে মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর হাত ধরে ঢাকায় যান জাকারিয়া। পরে রাজধানীর একটি মাদ্রাসার হেফজ বিভাগে ভর্তি হয়ে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। এরপর ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন।
বর্তমানে ওই মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায়ই সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে এই অনন্য সাফল্য অর্জন করেন হাফেজ নূর উদ্দিন জাকারিয়া। তাঁর এই অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন তাঁকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়দের মতে, বিশ্বমঞ্চে জাকারিয়ার এই সাফল্য বাউফলের জন্য গর্বের এবং দেশের তরুণদের জন্য অনুপ্রেরণার।