
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর হাতে লেখা ৬৮৮টি ভাবনা ও চিঠির বিরল সংগ্রহ নিলামে প্রায় ১২ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২০ কোটি টাকারও বেশি। নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট জানিয়েছে, কোনো ভারতীয় ঐতিহাসিক নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড। সংগ্রহটির মূল আকর্ষণ ছিল গান্ধীর হাতে লেখা এসব ব্যক্তিগত ভাবনা ও চিঠি।
জানা গেছে, গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ও স্বাধীনতা আন্দোলনের সহযোদ্ধা আনন্দ টি হিঙ্গোরানির উদ্দেশে এসব লেখা হয়েছিল। ১৯৪৪ সালের ২০ নভেম্বর থেকে ১৯৪৬ সালের ১০ অক্টোবর পর্যন্ত প্রায় দুই বছর ধরে লেখা এসব ভাবনা পরে ‘এ থট ফর দ্য ডে’ নামে একটি বইয়ে সংকলিত হয়। হিঙ্গোরানির স্ত্রী বিদ্যার মৃত্যুর পর তিনি শোক ও একাকিত্বে ভেঙে পড়েছিলেন। সেই সময় তাকে সান্ত্বনা দিতে গান্ধী প্রতিদিন একটি করে ভাবনা লিখে দিতেন। পরবর্তীতে ব্যক্তিগত সেই লেখাগুলো গান্ধীর চিন্তাধারার গুরুত্বপূর্ণ সংরক্ষিত দলিলে পরিণত হয়।
৬৮৮টি লেখায় সত্য ও অহিংসা, আত্মসংযম, সম্পদের প্রতি অনাসক্তি, নির্ভীকতা, ধর্মীয় সমতা, প্রার্থনা, সেবা, শ্রম, কর্তব্য, নীরবতা ও আত্মোপলব্ধিসহ বিভিন্ন বিষয়ে গান্ধীর চিন্তার প্রতিফলন রয়েছে। পাশাপাশি ১৯৩০ ও ১৯৩১ সালে লেখা নয়টি চিঠিতে আনন্দ ও বিদ্যা হিঙ্গোরানির বিয়ে, পারিবারিক সম্পর্ক, আর্থিক স্বাধীনতা ও দাম্পত্য দায়িত্ব নিয়ে গান্ধীর মতামত পাওয়া যায়। ‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অব আনন্দ টি হিঙ্গোরানি’ শিরোনামে ৮৬টি লটে সংগ্রহটি নিলামে তোলা হয়। ৬৮৮টি ভাবনার সংগ্রহটি ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছে। তবে এসব ঐতিহাসিক দলিল নিলামে বিক্রি হওয়ায় ভারতে উদ্বেগ তৈরি হয়েছে। ন্যাশনাল গান্ধী মিউজিয়ামের পরিচালক এ আনামালাই এগুলোকে ভারতের অভিন্ন ঐতিহাসিক ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি; তবে তিনি ভারতের নাগরিক এবং সংগ্রহটি ভারতেই থাকবে বলে জানিয়েছে স্যাফরনআর্ট।