
আসন্ন নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ সামনে রেখে ব্যতিক্রমী প্রস্তুতি নিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। দুবাইয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে জাতীয় ক্রিকেট একাডেমিতে আবদুল কাদির ক্রিকেট একাডেমির পুরুষ দলের বিপক্ষে ২০ ওভারের পূর্ণাঙ্গ ম্যাচ খেলেছে তারা। মূলত ম্যাচের চাপ সামলানো, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং উচ্চমানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জন করতেই এমন প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়।
পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা জানান, পুরুষ ক্রিকেটারদের উচ্চমানের স্কিল ও ফিটনেসের মুখোমুখি হয়ে খেলার মাধ্যমে চাপের পরিস্থিতি সামলানোর দক্ষতা বাড়ানোই ছিল এই ম্যাচের অন্যতম লক্ষ্য। তাঁর মতে, এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রস্তুতি মূল টুর্নামেন্টে দলকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে। সম্প্রতি ইংল্যান্ডের দ্য হানড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলে আসা ফাতিমা সানা সেই অভিজ্ঞতাও এশিয়া কাপে কাজে লাগাতে চান।
নারী এশিয়া কাপের এবারের আসর আগামী ২৮ আগস্ট শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। পাকিস্তান রয়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, থাইল্যান্ড ও হংকং। ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের টুর্নামেন্ট শুরু হবে। এরপর ৫ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে খেলবে পাকিস্তান। এশিয়া কাপে সাফল্য পেতে পুরুষ দলের বিপক্ষে নেওয়া এই কঠিন প্রস্তুতি কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।