
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে লিওনেল মেসির আনুষ্ঠানিক অবসরের ঘোষণার পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার, দেশের জার্সির প্রতি তাঁর ভালোবাসা এবং সাফল্যের পেছনে থাকা ত্যাগের কথা স্মরণ করেন। মেসির বিদায়ী ঘোষণার পর আন্তোনেলার এই বার্তা ভক্তদের মধ্যেও ব্যাপক আবেগের সৃষ্টি করেছে।
আন্তোনেলা বলেন, ছোটবেলা থেকেই তিনি মেসিকে একই ভালোবাসা ও গর্বের সঙ্গে আর্জেন্টিনার জার্সি পরতে দেখেছেন। তাঁর প্রতিটি স্বপ্ন, ত্যাগ, অশ্রু, পরাজয় এবং ঘুরে দাঁড়ানোর মুহূর্তের সাক্ষী ছিলেন তিনি। কঠিন সময়, ফাইনালে পরাজয় ও সমালোচনার মধ্যেও মেসি কীভাবে দেশের হয়ে দায়িত্ব পালন করে গেছেন, তা তিনি কাছ থেকে দেখেছেন। একই সঙ্গে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলোও পরিবারের সঙ্গে উদযাপন করেছেন।
বার্তায় আন্তোনেলা আরও বলেন, আর্জেন্টিনার জার্সি দীর্ঘদিন ধরে তাঁদের জীবন, পরিবার ও ইতিহাসের অংশ হয়ে ছিল। তাঁদের সন্তানেরাও বাবাকে দেশের পতাকার জন্য লড়াই করতে দেখে বড় হয়েছে। মেসির এই বিদায় তাঁর জন্য কতটা কঠিন, সেটিও উল্লেখ করেন আন্তোনেলা। তবে তাঁর বিশ্বাস, মেসি দেশের জন্য নিজের সর্বস্ব দিয়েছেন। আর্জেন্টিনা সবসময় মেসির জীবনের একটি অংশ হয়ে থাকবে এবং মেসিও চিরকাল আর্জেন্টিনার ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন। শেষাংশে স্বামীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন তিনি।