
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৪৫০ বল মোকাবিলা করে ৩০০ রানে অপরাজিত থাকেন হৃদয়। দীর্ঘ সময় উইকেটে থেকে ধৈর্য, নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের সমন্বয়ে খেলা এই ইনিংস বাংলাদেশের ক্রিকেটে নতুন এক মাইলফলক হিসেবে যুক্ত হয়েছে।
হৃদয়ের এই ঐতিহাসিক ইনিংসের সঙ্গে পচেফস্ট্রুমের ভেন্যুটিও জড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেটের স্মরণীয় অধ্যায়ের সঙ্গে। ২০২০ সালে একই মাঠে ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ যুব দল। ছয় বছর পর সেই মাঠেই বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি করে নতুন ইতিহাস লিখলেন বগুড়ার এই ব্যাটার। একই সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।
এর আগে ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ২১৮ রানের ইনিংস খেলেছিলেন, যা এত দিন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল। ম্যাচের প্রথম দিনে ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পর দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সেই রেকর্ড ছাড়িয়ে যান হৃদয়। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তৃতীয় ট্রিপল সেঞ্চুরি। এর আগে তামিম ইকবাল ৩৩৪ রানে অপরাজিত এবং রাকিবুল হাসান ৩১৩ রানের ইনিংস খেলেছেন। তবে তাদের দুজনের রেকর্ডই ছিল দেশের মাটিতে, বিদেশের মাটিতে হৃদয়ের ৩০০* তাই বাংলাদেশের ক্রিকেটে আলাদা গুরুত্ব বহন করছে।