September 5, 2026, 6:12 am

সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি: নাহিদ ইসলাম

মোঃ ইসমাইল হোসেন

দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর অতীতে ধারাবাহিক নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটলেও সেসবের সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা ধরনের অত্যাচার ও অবিচার করা হলেও দুঃখজনকভাবে অনেক ঘটনার বিচার নিশ্চিত করা হয়নি। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিচারহীনতার সংস্কৃতি দূর করে দেশের বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও নিরপেক্ষ অবস্থানে দাঁড় করানোর চেষ্টা চলছে। তিনি বলেন, সরকার ও বিরোধী দল—সবার প্রধান জাতীয় দায়িত্ব হলো দেশে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। দেশ বর্তমানে কিছুটা স্থিতিশীলতার দিকে এগোলেও গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করা প্রয়োজন।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে নাহিদ ইসলাম বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা ছাড়া কার্যকর ও অর্থবহ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার