
নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের সাধারণ যাত্রীরা।
আন্দোলনকারীরা জানান, জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে চকবাজারের চক মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন তারা। প্রায় ৪৫ মিনিট পর মিছিলটি শাহবাগে পৌঁছালে সড়ক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। তাদের দাবি, নোয়াখালীকে বিভাগ করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগ বাড়বে।
অবরোধের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে এর প্রভাব আশপাশের সড়কেও পড়ে। এতে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের সদস্যরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন এবং পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বক্তব্য দেবেন। আন্দোলনকারীরা দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।