September 5, 2026, 6:14 am

রেকর্ড গড়ে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

অভয়নগর প্রতিবেদক

ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে রানের বন্যা বইয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। দুই দলের ইনিংস মিলিয়ে ম্যাচে হয়েছে ৪৪৫ রান, যা তাদের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। রেকর্ড গড়া এই ম্যাচে নামিবিয়াকে ১১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। অন্যদিকে পরাজয়ের কারণে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিতে পারেনি নামিবিয়া। শিরোপার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হবে জিম্বাবুয়ে।

টসের পর ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে উদ্বোধনী জুটিতেই আসে ১৫৬ রান। ওপেনার কনর এস্থারহুইজেন ৪০ বলে ৮৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ছয়টি চার ও আটটি ছক্কা। অন্য ওপেনার লুয়ান ডি-প্রিটোরিয়াস আরও দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৫৩ বলে ১০১ রান করেন। এ ছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ৩ ও রুবেন হারমান ২৬ রান করেন। ইথান বোচ ও জর্ডান হারমান ১ রান করে অপরাজিত থাকেন।

২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়াও দুর্দান্ত শুরু করে। উদ্বোধনী জুটিতে ১১৯ রান যোগ করেন দুই ওপেনার। জ্যান ফ্রাইলিঙ্ক ৩৬ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ৪৪ বলে করেন ৬১ রান। এরপর জেজে স্মিট ৯ ও রুবেন টাম্পলম্যান ২১ রান করেন। শেষদিকে জেরার্ড ইরাসমাস ৩০ রানে অপরাজিত থাকলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ২১৭ রানেই থামে নামিবিয়ার ইনিংস। ফলে ১১ রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।



ফেসবুক কর্নার