September 5, 2026, 6:14 am

বাধা এলেও লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবে: নাহিদ

অভয়নগর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যত বাধা-বিপত্তিই আসুক, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চ নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ ঢাকামুখী লং মার্চে একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার নতুন করে কেউ স্বৈরাচারী হওয়ার পথ তৈরি করলে তা বন্ধ করার লক্ষ্যেই ঢাকা থেকে চট্টগ্রাম ও অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চ শুরু করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এই লং মার্চ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। একই সঙ্গে তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধির অপচেষ্টার বিরুদ্ধেও এ কর্মসূচি। তিনি আরও বলেন, যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, এই লং মার্চ তাদের বিরুদ্ধেও প্রতিবাদের কর্মসূচি।
নাহিদ ইসলাম জনগণের প্রতি লং মার্চে দলে দলে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এটি শুধু ১১টি দলের কর্মসূচি নয়; এটি বাংলাদেশের সাধারণ মানুষের লং মার্চ। কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের ঘোষণা দিয়ে তিনি বলেন, সরকার যদি এতে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে লং মার্চের ছয় দফা এক দফায় পরিণত হবে। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানানো হয়।



ফেসবুক কর্নার