September 7, 2026, 6:38 pm

বক্স অফিসে ব্যর্থ ‘টক্সিক’, অনিশ্চিত ওটিটি স্বত্ব

অভয়নগর প্রতিবেদক

যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির পর প্রত্যাশিত সাড়া না পাওয়ায় নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে। বক্স অফিসে দুর্বল পারফরম্যান্সের পর এবার সিনেমাটির ওটিটি বা ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব বিক্রি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিবেদনের দাবি, সিনেমাটির নির্মাতাদের সম্ভাব্য লোকসানের পরিমাণ ৩০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। এটি ভারতীয় চলচ্চিত্রে বড় ধরনের আর্থিক ক্ষতির উদাহরণ হতে পারে বলেও বিশ্লেষকদের উদ্ধৃত করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, ‘টক্সিক’-এর ডিজিটাল স্বত্ব এখনো চূড়ান্তভাবে বিক্রি হয়নি। মুক্তির আগে একটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মের কাছ থেকে নির্মাতারা প্রায় ১৫০ কোটি রুপির প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করা হয়েছে। তবে নির্মাতারা ২০০ কোটি রুপি বা তার বেশি মূল্য প্রত্যাশা করায় ওই চুক্তি চূড়ান্ত হয়নি। নির্মাতাদের ধারণা ছিল, প্রেক্ষাগৃহে সিনেমাটি বড় সাফল্য পেলে ডিজিটাল স্বত্ব আরও বেশি দামে বিক্রি করা সম্ভব হবে। কিন্তু বক্স অফিসে প্রত্যাশিত ফল না আসায় পরিস্থিতি বদলে গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বাণিজ্যিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর পক্ষ থেকে আগের তুলনায় অনেক কম দামের প্রস্তাব দেওয়া হচ্ছে। সর্বোচ্চ প্রস্তাব প্রায় ৩০ কোটি রুপি পর্যন্ত নেমে এসেছে বলে দাবি করা হয়েছে। ডিজিটাল স্বত্ব কিনতে আগ্রহী প্রতিষ্ঠানের তালিকায় জিও-৫-এর নামও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে মুক্তির আগে উচ্চমূল্যের প্রত্যাশা থাকলেও বর্তমানে সিনেমাটির ওটিটি স্বত্বের বাজারমূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ডিজিটাল স্বত্ব বিক্রির বিষয়ে সংশ্লিষ্ট নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চূড়ান্ত কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার