September 8, 2026, 9:39 am

বাঁচা-মরার ম্যাচে আজ বাংলাদেশের পরীক্ষা

অভয়নগর প্রতিবেদক

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ‘বি’ গ্রুপে সেমিফাইনালের দ্বিতীয় দল নির্ধারণে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘তিনে তিন’ জয় তুলে নিয়ে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পয়েন্ট সমান ২ করে। ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠতে আজকের ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমীকরণও পরিষ্কার—জয়ী দলই সেমিফাইনালে জায়গা করে নেবে। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে জিততে পারলে এই কঠিন পরিস্থিতিতে পড়তে হতো না নিগার সুলতানা জ্যোতির দলকে। তবে ১১৪ রানের পুঁজি নিয়েও লড়াই জমিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই আরও উন্নতির সুযোগ ছিল। বিশেষ করে ম্যাচের শেষ দিকে গুরুত্বপূর্ণ একটি ক্যাচ হাতছাড়া হওয়ায় হারের আক্ষেপ আরও বেড়েছে। ম্যাচ শেষে সোবহানা মোস্তারি জানান, ১৮তম ওভার পর্যন্ত ম্যাচটি বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল। ওই ওভারে ডিপ মিডউইকেটে ক্যাচটি নেওয়া গেলে ফল ভিন্ন হতে পারত বলে মনে করেন তিনি। একই সঙ্গে স্কোরবোর্ডে আরও ২০ থেকে ২৫ রান কম থাকায় আক্ষেপ প্রকাশ করেন মোস্তারি। বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪০-এর বেশি রান করা, কিন্তু মিডল ওভারে রানরেট কমে যাওয়ায় সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। শেষ দিকে দ্রুত রান তোলার সুযোগও কাজে লাগানো যায়নি।
মোস্তারি মনে করেন, এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে ভালো করতে হলে ব্যাটিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। বিশেষ করে ক্যাচ মিস ও ফিল্ডিংয়ের ভুলগুলো কমানোর পাশাপাশি ব্যাটিংয়ে আরও কার্যকরভাবে রান তুলতে হবে। আজকের ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতকেও শক্তিশালী দল হিসেবে দেখছেন তিনি। তাই আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পুরো মনোযোগ আজকের গুরুত্বপূর্ণ লড়াইয়ে দেওয়ার কথা জানিয়েছেন। সেমিফাইনালে যেতে হলে জয় ছাড়া বাংলাদেশের সামনে কোনো বিকল্প নেই। ফলে ম্যাচটিতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই ধারাবাহিক ও নিয়ন্ত্রিত পারফরম্যান্সের প্রত্যাশা থাকবে বাংলাদেশের সমর্থকদের।



ফেসবুক কর্নার