September 8, 2026, 9:53 am

মেসি বিহীন আর্জেন্টিনার বাণিজ্যিক ধাক্কা

অভয়নগর প্রতিবেদক

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর বাণিজ্যিকভাবে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও অন্যতম প্রধান বাণিজ্যিক আকর্ষণ মেসির অনুপস্থিতিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের বাজারে আর্জেন্টিনা দলের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ২০২২ বিশ্বকাপ জয়ের পর বিভিন্ন দেশে প্রীতি ম্যাচ আয়োজনের মাধ্যমে এএফএ বিপুল আয় করলেও মেসিকে ছাড়া সেই আগ্রহে ভাটা পড়েছে। এর প্রভাব পড়েছে দলের পরিকল্পিত এশিয়া সফরেও। আয়োজকদের আগ্রহ কমে যাওয়ায় সফরটি বাতিল হওয়ার কথা জানানো হয়েছে।
মেসির উপস্থিতিতে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যেত। অতীতে বেইজিংয়ে মেসিকে দেখতে প্রায় ৬৮০ ডলারের টিকিটও দ্রুত বিক্রি হয়ে যাওয়ার উদাহরণ রয়েছে। কিন্তু এখন জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজসহ একাধিক তারকা দলে থাকলেও একই ধরনের বাণিজ্যিক আকর্ষণ তৈরি করা কঠিন হয়ে পড়েছে। ফলে ম্যাচ আয়োজন থেকে পাওয়া অর্থের পাশাপাশি টিকিট বিক্রির আয় নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। মেসিকে ঘিরে তৈরি হওয়া বৈশ্বিক আগ্রহ আর্জেন্টিনার বাণিজ্যিক সাফল্যের অন্যতম বড় ভিত্তি ছিল। তার অনুপস্থিতিতে নতুন বাজারে আগের মতো দর্শক ও আয়োজকদের আকৃষ্ট করতে এএফএকে নতুন কৌশল নিতে হতে পারে।
স্পন্সরশিপ ও জার্সি বিক্রির ক্ষেত্রেও মেসির অবসরের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অ্যাডিডাসের সঙ্গে ২০৩৮ সাল পর্যন্ত চুক্তি থাকায় জার্সি বিক্রির রয়্যালটিতে এএফএ কিছুটা স্থিতিশীলতা ধরে রাখতে পারবে। তবে নতুন বৈশ্বিক স্পন্সরদের সঙ্গে চুক্তি করার সময় আগের মতো সুবিধাজনক অবস্থানে থাকা কঠিন হতে পারে। বিশ্বজুড়ে আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থকের বড় একটি অংশ মেসিকে কেন্দ্র করে দলটির সঙ্গে যুক্ত হয়েছেন। তাই মেসিবিহীন সময়ে সেই বৈশ্বিক ভক্তগোষ্ঠীর আগ্রহ ও বাণিজ্যিক সাফল্য ধরে রাখাই এখন এএফএর অন্যতম বড় চ্যালেঞ্জ। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নতুন তারকাদের ঘিরে ব্র্যান্ড মূল্য তৈরি করাও দলটির ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।



ফেসবুক কর্নার