
ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হামলা ও হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে। পরিবারের সদস্য ও ছোট শিশুর উপস্থিতিতে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিও শেয়ার করে পরীমনি হামলাকারীদের সমালোচনা করেন। তাঁর মন্তব্যে ঘটনাটিকে ঘিরে ক্ষোভ ও নিন্দার বহিঃপ্রকাশ ঘটে। এদিকে বাঁধনের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও প্রতিক্রিয়া জানাচ্ছেন।
জানা গেছে, ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তাঁর ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে বাঁধনকে কয়েকজন ব্যক্তি হেনস্তা করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামলাকারীদের কয়েকজন নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিচ্ছেন এবং বাঁধনকে রাজনৈতিকভাবে আক্রমণাত্মক ভাষায় আখ্যায়িত করছেন। এ সময় তাঁকে গালিগালাজ ও হেনস্তা করা হয় বলে অভিযোগ রয়েছে। সঙ্গে থাকা শিশুটিকে আতঙ্কিত হয়ে কাঁদতে শোনা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ঘটনার পর এক ভিডিও বার্তায় বাঁধন অভিযোগ করেন, পার্কে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তাঁর শরীরে কোক ও পানি ছুড়ে মারা এবং একপর্যায়ে মোবাইল ফোন ফেলে দেওয়ার অভিযোগও করেন তিনি। এ ঘটনায় বাঁধন কড়া প্রতিবাদ জানিয়ে স্থানীয় ভেনিস থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বাঁধন। তাঁর ওপর হামলার ঘটনায় সহশিল্পী ও সাধারণ নেটিজেনদের অনেকে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।