
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে হেনস্তা ও হামলার অভিযোগকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনে প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের বাইরে ঘটে যাওয়া এ ধরনের ঘটনা এবং নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি বাঁধনের নাম উল্লেখ না করলেও নারী ও শিল্পীদের প্রতি মানুষের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেন। পিয়া জান্নাতুল বলেন, মানুষ দিন দিন আরও নিষ্ঠুর ও সংবেদনহীন হয়ে উঠছে, বিশেষ করে নারী ও শিল্পীদের প্রতি—যা তাকে গভীরভাবে ভাবাচ্ছে।
পোস্টে পিয়া জান্নাতুল আরও বলেন, দেশের বাইরে থাকলেই মানুষের চিন্তাভাবনা বদলে যায় বা মন আরও উদার হয়ে ওঠে—বিষয়টি এমন নয়। তার মতে, প্রকৃত উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করেন, কতটা বুঝতে পারেন এবং কতটা মানবিক থাকতে পারেন, তার মাধ্যমে। দুঃখজনকভাবে এসব মানবিক মূল্যবোধের জায়গায় মানুষ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তার এই বক্তব্যকে ইতালিতে বাঁধনের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে দেখছেন অনেকে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
গত সোমবার রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ওঠে। এ সময় তার সঙ্গে ছিলেন ভাই ও শিশু সন্তান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিতে এবং বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে ফেসবুক লাইভে এসে বাঁধন অভিযোগ করেন, পার্কে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার গায়ে পানীয় ছোড়া হয়। তার মোবাইল ফোনও ফেলে দেওয়া হয় বলে জানান তিনি। এ ঘটনায় স্থানীয় ভেনিস থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা বাঁধনের ওপর হামলার অভিযোগে সহশিল্পী ও নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।