September 8, 2026, 1:29 pm

‘খেলনা বিমান’ মন্তব্যে নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

অভয়নগর প্রতিবেদক

উড়োজাহাজকে ‘খেলনা বিমান’ ও ‘লেগো এয়ারপ্লেন’ বলায় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের এভিয়েশন কোম্পানি ডিউনস এভিয়েশন। কোম্পানিটির অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে নোরার করা মন্তব্য তাদের প্রতিষ্ঠানের সুনাম ও ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ঘটনায় ভারতের গুজরাটের গান্ধীনগর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ভিডিও ও আনুষঙ্গিক বিষয়বস্তু সরিয়ে নেওয়া এবং প্রকাশ্যে নোরার কাছে ব্যাখ্যা দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, গত বছরের ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের সেসনা সাইটেশন সিজে টু উড়োজাহাজে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা ফাতেহি। ভ্রমণের সময় তিনি উড়োজাহাজের ভেতরের একটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন। ওই ভিডিওতে উড়োজাহাজটিকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ হিসেবে উল্লেখ করেন তিনি। নোরার এমন মন্তব্যকে ভালোভাবে নেয়নি এভিয়েশন কোম্পানিটি। তাদের দাবি, মন্তব্যগুলো ছিল বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন এবং এর পেছনে কোনো প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তবভিত্তিক কারণ ছিল না।
ডিউনস এভিয়েশনের দাবি, নোরা ফাতেহির বিপুলসংখ্যক অনুসারী থাকায় তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে কোম্পানিটি। তাদের দাবি, ওই ঘটনার পর বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় এবং ফ্লাইট বাতিলের হারও বেড়ে যায়। এ কারণে ক্ষতিপূরণ হিসেবে নোরার কাছে ৩ কোটি রুপি দাবি করা হয়েছে। তবে মামলার বিষয়ে নোরা ফাতেহির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।



ফেসবুক কর্নার