September 9, 2026, 8:57 pm

জুলাইযোদ্ধা’ শব্দ বিকৃত করে ফায়দা লুটেছে অনেকে: আরশ

অভয়নগর প্রতিবেদক

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে সক্রিয় ছিলেন অভিনেতা আরশ খান। সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলনের পক্ষে সরব ছিলেন তিনি। তবে বর্তমানে নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে পরিচিত করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বলে জানিয়েছেন এই অভিনেতা। সোমবার রাতে রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং হাউজে একটি নাটকের শুটিংয়ের ফাঁকে জুলাই আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আরশ বলেন, ‘জুলাইযোদ্ধা’ শব্দটির সঙ্গে যে মূল্যবোধ, সততা ও নিরপেক্ষতা থাকা প্রয়োজন ছিল, বর্তমানে তার অনেকটাই অনুপস্থিত। তার ভাষ্য, শব্দটিকে অনেকে বিকৃতভাবে ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা লুটেছেন। এ কারণে এখন শব্দটি শুনলে আগের মতো স্বস্তি বা ভালো লাগা অনুভব করেন না তিনি।
জুলাই আন্দোলনের সময় রাজপথে নামার সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই বলেও জানান আরশ। তিনি বলেন, উত্তরার স্কুল ও মাইলস্টোনের যেসব শিক্ষার্থীর জন্য তিনি রাস্তায় নেমেছিলেন, তারা এখন রাজনীতি না করে পড়াশোনা করছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও তাদের জন্য রাজপথে নামার কথা জানান তিনি। তবে যারা ক্ষমতার চর্চার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সঙ্গে তার অবস্থানের পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন। অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনা প্রসঙ্গে আরশ বলেন, শুধু বাঁধনকে নয়, সাম্প্রতিক সময়ে যে ধরনের ‘মব’ বা দলবদ্ধভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটছে, তিনি তার কোনোটি সমর্থন করেন না। কারও বিরুদ্ধে অভিযোগ বা সমস্যা থাকলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
আরশ বলেন, ২০২৪ সালের জুলাইয়ের পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির পার্থক্য রয়েছে এবং এখন দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রয়োজন। তার মতে, ক্ষমতা নিজের হাতে তুলে নিয়ে বিচার করার সুযোগ কারও থাকা উচিত নয়। সাম্প্রতিক সময়ে নারীদের প্রকাশ্যে মারধরের ঘটনাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে একে অপরকে দেখার আহ্বান জানান এই অভিনেতা। তার বক্তব্য, দেশে মানুষকে আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি কিংবা জামায়াতের পরিচয়ে ভাগ করার প্রবণতা তৈরি হয়েছে, অথচ সবার আগে মানবিক পরিচয়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনো নারী বা পুরুষের সঙ্গে দলীয় পরিচয় কিংবা মতপার্থক্যের কারণে এমন আচরণ সমর্থনযোগ্য নয় বলেও মন্তব্য করেন আরশ।



ফেসবুক কর্নার