September 9, 2026, 8:05 pm

বাঁধন-ফারিয়ার প্রথম জুটি, আসছে ‘লজ্জা’

অভয়নগর প্রতিবেদক

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনই অভিনয়জগতে নিজেদের অবস্থান তৈরি করেছেন। এবার প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হিসেবে দেখা যাবে এই দুই অভিনেত্রীকে। তাদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। সিনেমাটি পরিচালনা করবেন এমএইচ খোকন। সামাজিক সচেতনতামূলক গল্পকে কেন্দ্র করে নির্মিতব্য সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

‘লজ্জা’ যৌথভাবে প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে দুই প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ সংশ্লিষ্টরা। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আবদুল আজিজ। প্রধান দুই চরিত্রের জন্য বাঁধন ও ফারিয়াকে নির্বাচন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বর্তমানে ইতালিতে অবস্থান করছেন বাঁধন। সেখানে অনুষ্ঠিত বিখ্যাত ভেনিস উৎসবে প্রতিযোগিতা বিভাগে রয়েছে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিসের আয়োজন শেষ করে দেশে ফিরেই ‘লজ্জা’র শুটিংয়ে যোগ দেবেন তিনি। এ ছাড়া বাঁধনের হাতে রয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’, যার শুটিং বছরের শেষ দিকে শুরু হওয়ার কথা। অন্যদিকে নুসরাত ফারিয়া অভিনীত মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং প্রায় শেষ। একটি গানের দৃশ্যের কাজ বাকি রয়েছে। অক্টোবরে আইস্ক্রিনে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার