September 10, 2026, 12:06 pm

‘অ্যানিমেল’ সাফল্যে বর্বর সিনেমার ট্রেন্ড নিয়ে কারিনা

অভয়নগর প্রতিবেদক

বলিউডে কোনো সিনেমা সফল হলেই একই ধরনের গল্প, বিষয় বা নির্মাণশৈলী অনুসরণ করে নতুন সিনেমা তৈরির প্রবণতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কারিনা কাপুর। সম্প্রতি ইউভা আয়োজিত এক টাউন হল অনুষ্ঠানে হিন্দি সিনেমার পরিবর্তনশীল ধারা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বর্তমান দর্শক আগের চেয়ে অনেক বেশি সচেতন। কোন সিনেমা ভালো এবং কোন ধরনের সিনেমা তারা দেখতে চান, সেই সিদ্ধান্ত দর্শকরাই নিতে পারেন। কারিনা বলেন, দর্শক নির্মাতাদের ধারণার চেয়েও বেশি বুদ্ধিমান এবং এখন শুধু তরুণদের প্রেমের গল্পের মধ্যে সিনেমা সীমাবদ্ধ নেই। তিনি বলেন, ‘অ্যানিমেল’ সফল হয়েছে বলে সবাই বর্বর ধরনের সিনেমা বানানোর দিকে ঝুঁকছে—এমন একটি প্রবণতা দেখা যাচ্ছে। তার মতে, নির্মাতারা অনেক সময় একে অন্যকে অনুসরণ করছেন।
তবে সবাই একই ধরনের সিনেমা নির্মাণ করছেন—এমনটা মনে করেন না কারিনা। তার ভাষ্য, বলিউডে এখনো অনেক নির্মাতা ভিন্নধর্মী গল্প বলার চেষ্টা করছেন এবং দর্শকদের ভাবাতে চান। এসব নির্মাতা নিজেদের জন্য আলাদা দর্শকও তৈরি করেছেন। কারিনা মনে করেন, পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে এবং দর্শক ট্রেলার দেখেই সিনেমা দেখবেন কি না, সে সিদ্ধান্ত নিচ্ছেন। তরুণ দর্শকদের নিয়েও আশাবাদী তিনি। তার মতে, বর্তমান প্রজন্ম সিনেমার গল্প নিয়ে প্রশ্ন করে এবং বিষয়বস্তু নিয়ে চিন্তা করে। ফলে শুধু সিনেমাটি কমেডি বা বিনোদনধর্মী—এমন পরিচয় দিলেই দর্শক প্রেক্ষাগৃহে ছুটে যাবেন, সেই ধারণা এখন আর কার্যকর নয়। প্রতিটি সিনেমা ২০০ কোটি বা ৫০০ কোটি রুপি আয় করবে—এমন প্রত্যাশাও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন তিনি।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ২০২৩ সালে মুক্তি পায়। রণবীর কাপুর ও অনিল কাপুর অভিনীত সিনেমাটিতে বাবা-ছেলের জটিল সম্পর্কের পাশাপাশি ব্যাপক সহিংসতা দেখানো হয়। মুক্তির পর সিনেমাটি বড় ব্যবসায়িক সাফল্য পায় এবং বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপির বেশি আয় করে। এর সাফল্যের পর দ্বিতীয় কিস্তি ‘অ্যানিমেল পার্ক’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে কারিনাকে সামনে দেখা যাবে মেঘনা গুলজার পরিচালিত তদন্তধর্মী সিনেমা ‘দায়রা’তে। এতে পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিশোর অপরাধ-সংশ্লিষ্ট একটি মামলার তদন্তকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। জঙ্গল পিকচার্স ও পেন স্টুডিওস প্রযোজিত সিনেমাটি ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।



ফেসবুক কর্নার