September 10, 2026, 4:24 pm

প্রথম ওয়েব সিরিজে রহস্যময় চরিত্রে পরিণীতি

অভয়নগর প্রতিবেদক

ওটিটিতে এর আগেও দেখা গেছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। তবে এবার সিনেমার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। অভিষেকেই রোমান্টিক গল্পের বদলে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা, সম্পর্কের টানাপোড়েন এবং একের পর এক রহস্যে মোড়া ক্রাইম থ্রিলারধর্মী গল্প বেছে নিয়েছেন অভিনেত্রী। নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এ একজন মায়ের চরিত্রে দেখা যাবে তাকে।
সিরিজের গল্পে নয় বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পেতে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেন পরিণীতি অভিনীত চরিত্রটি। সন্তানকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার পাশাপাশি চারপাশের মানুষ ও সম্পর্কের প্রতি অবিশ্বাস গল্পে তৈরি করবে নানা অনিশ্চয়তা। একের পর এক গোপন তথ্য ও রহস্য উন্মোচনের মধ্য দিয়ে এগিয়ে যাবে কাহিনি। রেন্সিল ডি’সিলভা পরিচালিত সিরিজটির মুক্তির তারিখও ঘোষণা করেছে নেটফ্লিক্স। আগামী ২৪ সেপ্টেম্বর দর্শকদের সামনে আসবে ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’।
পরিণীতি চোপড়ার পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট, তাহির রাজ ভাসিন, সুমিত ব্যাস, হারলিন শেঠি ও ধ্রুব চৌধুরী। পরিচালক রেন্সিল ডি’সিলভা বলেন, ‘শাক’ মূলত চরম অনিশ্চয়তার ওপর দাঁড়িয়ে থাকা একটি থ্রিলার। তার ভাষ্য, গল্পে উন্মোচিত প্রতিটি গোপন সত্য নতুন প্রশ্নের জন্ম দেয় এবং প্রতিটি সম্পর্কের আড়ালে রহস্যের নতুন স্তর সামনে আসে। ফলে পরিণীতির প্রথম ওয়েব সিরিজটি দর্শকদের জন্য রহস্য ও টানটান উত্তেজনায় ভরা একটি অভিজ্ঞতা হতে পারে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।



ফেসবুক কর্নার