September 12, 2026, 4:01 am

চলতি বছরেই ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড

অভয়নগর প্রতিবেদক

চলতি বছরেই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে এবং দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানান তিনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট বর্তমানে বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। এ সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। একই সঙ্গে দেশের গ্যাসসম্পদ অনুসন্ধানের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তেল ও বিদ্যুতের মতো গ্যাস নিয়েও কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা অবৈধ কাজ ও অন্যায় করবে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কেউ নিয়ে যাওয়ার সুযোগ পাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি স্বার্থে ব্যবহারের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে কেউ রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এ সময় দেশের সম্পদ রক্ষা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়তা এবং মানুষের কল্যাণে রাষ্ট্রীয় উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে ৪১ লাখ পরিবারকে সহায়তার আওতায় আনার পরিকল্পনার কথা জানান। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলা, গ্যাসসম্পদ অনুসন্ধান এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।



ফেসবুক কর্নার