September 12, 2026, 5:11 am

মিমির বিয়ের গুঞ্জন, পাত্র নৌবাহিনীর কর্মকর্তা

অভয়নগর প্রতিবেদক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষ দিকে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন অভিনেত্রী। টালিউডের একটি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, আগামী ডিসেম্বরেই মিমি চক্রবর্তী বিয়ের পিঁড়িতে বসতে পারেন। পাহাড়ঘেরা কালিম্পংয়ে তার বিয়ের আয়োজন হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। তবে বিয়ের বিষয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফলে ছড়িয়ে পড়া এসব তথ্যকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।
গুঞ্জনের সবচেয়ে আলোচিত বিষয় পাত্রের পরিচয়। বিনোদন জগতের সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, মিমির সম্ভাব্য জীবনসঙ্গী চলচ্চিত্র বা টেলিভিশন অঙ্গনের কেউ নন। তিনি ভারতের নৌবাহিনীতে কর্মরত এবং তার নাম সিদ্ধার্থ—এমন দাবিই ঘুরছে বিভিন্ন মাধ্যমে। তবে এই পরিচয়েরও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমি চক্রবর্তীর। এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়ে যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্যও হন।
বর্তমানে অভিনয় ও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাসহ একাধিক কাজের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে তার নতুন ছবিটির। এরই মধ্যে পেশাগত ব্যস্ততার আড়ালে বিয়ের প্রস্তুতি চলছে বলে বিনোদন জগতের একটি অংশের দাবি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে মিমির পক্ষ থেকে বিয়ে, সম্ভাব্য সময়, স্থান বা পাত্রের পরিচয় সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত খবর হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।



ফেসবুক কর্নার