September 12, 2026, 6:43 am

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠন করতে চাইলে কোনো বাধাই সেই পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি’—এই মানসিকতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিবেশের দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে প্রত্যেক নাগরিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ পরিবর্তনের সম্ভাবনা দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার রাষ্ট্রকে পরিবর্তনের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।



ফেসবুক কর্নার