September 12, 2026, 7:21 am

এখনও ব্যালন ডি’অর জয়ের বিশ্বাস এমবাপ্পের

অভয়নগর প্রতিবেদক

ক্লাব ও জাতীয় দলের হয়ে শিরোপাহীন মৌসুম কাটালেও ব্যালন ডি’অর জয়ের যোগ্যতা নিজের রয়েছে বলে মনে করেন কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের অন্যতম দাবিদার তিনি। ২৭ বছর বয়সী এমবাপ্পের মতে, ব্যালন ডি’অর মূলত ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি; তাই দলগত কোনো ট্রফি না জিতলেও এই পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, এ বছর ব্যালন ডি’অর জেতা তার অন্যতম স্বল্পমেয়াদি লক্ষ্য।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল এবং লা লিগায় ২৫ গোল করেন এমবাপ্পে। এরপর বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২২-এ নিয়ে গিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন তিনি। তবে সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করে ফ্রান্স। এমবাপ্পে বলেন, ব্যালন ডি’অর নিয়ে তার ধারণা তৈরি হয়েছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর যুগ থেকে। তার মতে, এই পুরস্কার সাধারণ খেলোয়াড়দের জন্য নয়; বরং যারা নিজেদের আলাদা করে প্রমাণ করতে পারেন, তাদের জন্য। নিজের পারফরম্যান্সকে আলাদা মনে করে তিনি বলেন, বড় প্রতিযোগিতায় বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে এত গোল করা এবং বিশ্বকাপের মতো আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়া বিশেষ অর্জন।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেওয়াকে বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করে এমবাপ্পে বলেন, লিওনেল মেসির মতো কিংবদন্তির কাছ থেকে রেকর্ড নেওয়াটা আরও বড় ব্যাপার। নিজেকে যোগ্য দাবিদার মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিল না। এদিকে ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদানেরও প্রশংসা করেছেন এমবাপ্পে। দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হওয়া ১৯৯৮ বিশ্বকাপজয়ী জিদানকে তিনি ফরাসি ফুটবলের কিংবদন্তি হিসেবে উল্লেখ করেন। এমবাপ্পের ভাষায়, জিদান ফ্রান্সের ইতিহাসে অমর হয়ে আছেন এবং প্রজন্মের পর প্রজন্মকে ছাড়িয়ে ফরাসি ফুটবলে অমোচনীয় ছাপ রেখে গেছেন।



ফেসবুক কর্নার