
আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মগবাজারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। সভায় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় ঢাকা-রংপুর লংমার্চের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভাগীয় দায়িত্বশীলদের প্রস্তুতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মিয়া গোলাম পরওয়ার। উদ্বোধনী সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সভায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াছিন আরাফাত, পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, অধ্যাপক সাইফুল্লাহ মানছুরসহ স্বাস্থ্য ও আইটি বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি প্রতিরোধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শেষে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচি সফল করতে দেশবাসী, রাজনৈতিক দল, সরকার, প্রশাসন, পুলিশ, ট্রাফিক ও সড়ক বিভাগের সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ।