September 14, 2026, 4:10 am

ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ইসমাইল হোসেন

 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৩ সেপ্টেম্বর) দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী তৎপরতাও শুরু হয়েছে।

প্রার্থী ঘোষণার পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম। তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার আহ্বান জানান তিনি। নির্বাচনী প্রস্তুতিতে নাগরিকদের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেওয়া হয়।

সমন্বয় সভায় নাহিদ ইসলাম সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক প্রস্তুতি বাড়ানোর নির্দেশনা দেন। পাশাপাশি পতিত ও পলাতক আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতার বিষয়ে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। সভায় এনসিপি ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার ও উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। মেয়র প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এনসিপির আনুষ্ঠানিক প্রস্তুতি আরও দৃশ্যমান হলো।



ফেসবুক কর্নার