September 14, 2026, 4:10 am

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর

ইসমাইল হোসেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির সামনে স্পষ্ট হয়ে উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) মিন্টো রোডে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, ছয় মাস সরকার পরিচালনার জন্য বেশি সময় নয়, তবে বিকল্প পরিকল্পনা ও সংকট মোকাবিলার সক্ষমতা নিয়ে অপেক্ষা করার সুযোগও নেই। তাঁর অভিযোগ, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, জ্বালানি ও গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন বিষয়ে সরকার কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে সংকট মোকাবিলায় ১০টি প্রস্তাব দেওয়া হলেও সরকার সেগুলো আমলে নেয়নি বলেও দাবি করেন তিনি।

হামিদুর রহমান বলেন, গ্যাস সংকটে শিল্পকারখানা বন্ধ হচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে দেশের প্রায় ১২০০ বেকারি বন্ধ হওয়ার খবর এসেছে। তৈরি পোশাক শিল্পও সংকটের প্রভাবের মধ্যে পড়ছে বলে উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, অর্ডার বাতিল হলে তা পার্শ্ববর্তী দেশে চলে যেতে পারে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ও মনিটরিং কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গুম, খুন, অপহরণ ও হামলার বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধেও সরকার ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, অর্থনৈতিক সংকট সমাধানে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। তবে সরকারের পক্ষ থেকে বিরোধীদের প্রস্তাব যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে ৭ দফা দাবি বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত হবে বলে জানান হামিদুর রহমান। সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউতে জমায়েতের পর উদ্বোধনী সভা শেষে লংমার্চ শুরু হবে এবং পথে পাঁচটি পথসভা শেষে রংপুর জেলা স্কুল মাঠে সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করতে রোববার ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে বারিধারার কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় নেতারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, গণভোটের গণরায়সহ ৭ দফা দাবি দ্রুত মেনে নেওয়া হলে তা দেশের জন্য কল্যাণকর হবে; অন্যথায় জনগণকে সংগঠিত করে দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। লংমার্চ সফল করতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।



ফেসবুক কর্নার