September 14, 2026, 7:33 pm

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার

শেখ নাসির উদ্দীন খুলনা

সন্ত্রাস ও অপরাধ নির্মূলে সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ারের পথে হাঁটবে না বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, অপরাধ দমনে আইন প্রয়োগের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রচলিত আইন প্রয়োজনে আরও কঠোর ও যুগোপযোগী করা হবে। একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সীমান্তপথে মাদক প্রবেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আইনমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদকের চালান দেশে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা কারবারিরা বিভিন্ন পরিকল্পনা করছে এবং সাম্প্রতিক সময়ে ড্রোনের মাধ্যমেও বিভিন্ন স্থানে মাদক সরবরাহের ঘটনা ঘটছে বলে তিনি উল্লেখ করেন। মাদক সংকট এখন কোনো নির্দিষ্ট অঞ্চল বা জেলার মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি গোটা দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদক বিস্তার রোধে সারাদেশে ডোপ টেস্টের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, স্থানীয় বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় খুলনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সন্ত্রাস ও মাদক দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আইনমন্ত্রী বলেন, অপরাধ দমনে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইন প্রয়োগে পেশাদারিত্ব, জবাবদিহি ও কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি। বিচারবহির্ভূত কোনো পদ্ধতি নয়, প্রচলিত আইনের আওতায় অপরাধীদের বিচারের মুখোমুখি করার মাধ্যমেই সন্ত্রাস ও অপরাধ নির্মূলের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।



ফেসবুক কর্নার