September 14, 2026, 7:32 pm

বিগত ১৫ বছরের পুনরাবৃত্তি দেখতে চাই না: আমির হামজা

তানভীর আজাদ জাহিদ দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভায় প্রশাসনিক কার্যক্রম, সার ডিলার নিয়োগ, চাঁদাবাজি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার আল্লার্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। আমির হামজা বলেন, গত ১৫ বছরে যে ধরনের পরিস্থিতি তিনি দেখেছেন, বর্তমানে তারই পুনরাবৃত্তি লক্ষ্য করছেন। প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
সার ডিলার নিয়োগের প্রসঙ্গে আমির হামজা অভিযোগ করেন, প্রতিটি ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগের বিষয়ে সংশ্লিষ্টদের জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকা হলেও সংসদ সদস্যদের বাদ দিয়ে নির্বাচনে পরাজিত প্রার্থী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগের চেষ্টাও করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ এখন আগের মতো নেই; তারা অনেক বেশি সচেতন। প্রশাসনিক কার্যক্রমে বিতর্কিত কোনো পদক্ষেপ নেওয়া হলে সংশ্লিষ্টদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। প্রয়োজনে এসব বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণের সামনে তথ্য তুলে ধরার কথাও জানান তিনি। সভায় চাঁদাবাজির প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্টদের আবার দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আমির হামজা আরও দাবি করেন, গত আড়াই বছরে তাদের দলের পক্ষ থেকে কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়নি। অতীতে যারা মামলা দিয়ে বাণিজ্য করেছে, ভবিষ্যতে তাদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি। দলের নেতা-কর্মীদের ওপর অতীতের নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা দীর্ঘদিন তাদের ওপর জুলুম-অত্যাচার করেছে, তারা এখন সেই কর্মকাণ্ডের পরিণতি উপলব্ধি করছে। ধর্মীয় প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ করে তিনি আল্লাহর সাহায্য ও বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক কুষ্টিয়া জেলা সেক্রেটারি ও মেয়র প্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, জেলা সাহিত্য সম্পাদক ড. নুরুল আমিন জসিম, উপজেলা নায়েবে আমির আরজুল্লাহ, সাধারণ সম্পাদক ড. আব্দুল্লাহ আল নোমান, আহসান হাবিব বুলবুল, সাবেক সভাপতি এনামুল হক ও চেয়ারম্যান প্রার্থী খাজা উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।



ফেসবুক কর্নার