September 15, 2026, 2:25 pm

সহ-অভিনেতার নিরাপত্তাহীনতায় দূরত্ব রাখেন শেহনাজ

অভয়নগর প্রতিবেদক

সহ-অভিনেতার মধ্যে নিরাপত্তাহীনতার মনোভাব তৈরি হলে কাজের পরিবেশ নষ্ট হতে পারে বলে মনে করেন অভিনেত্রী শেহনাজ গিল। এমন পরিস্থিতিতে পেশাগত সম্পর্কের বাইরে অতিরিক্ত যোগাযোগ রাখার আগ্রহ নেই বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজের ধরন ও সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শেহনাজকে প্রশ্ন করা হয়, কোনো সহ-অভিনেতা তাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি কীভাবে পরিস্থিতি সামলান। জবাবে অভিনেত্রী জানান, এমন পরিস্থিতিতে তিনি ওই সহ-অভিনেতার থেকে দূরত্ব বজায় রাখেন এবং পেশাদার হিসেবে শুধু কাজের সম্পর্কটুকুই রাখেন। তার মতে, অভিনয়ের বাইরে অপ্রয়োজনীয় সম্পর্ক না রাখাই এ ক্ষেত্রে ভালো।
তবে সব সহ-অভিনেতার সঙ্গে তার এমন অভিজ্ঞতা হয়নি বলেও স্পষ্ট করেছেন শেহনাজ। গিপ্পি গ্রেবালের সঙ্গে ‘সিং ভার্সেস কৌর ২’ ছবিতে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, দুজনেই পরস্পরকে সব সময় সহযোগিতা করেছেন। এমনকি ভবিষ্যতে নিজেদের কর্মজীবনে কীভাবে আরও এগিয়ে যাওয়া যায়, তা নিয়েও তারা একে অপরের সঙ্গে পরামর্শ করেছেন। শেহনাজের মতে, সহ-অভিনেতাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হলে তার প্রভাব শুধু ব্যক্তিগত সম্পর্কেই পড়ে না; কাজের পরিবেশেও এর নেতিবাচক প্রভাব পড়ে। আর সেই প্রভাব শেষ পর্যন্ত সিনেমার কাজ ও পুরো দলের ওপরও পড়তে পারে।
শেহনাজের অভিনয়জীবনের শুরু বড় পর্দা দিয়ে নয়। ২০১৫ সালে পাঞ্জাবি গানের ভিডিওতে কাজের মাধ্যমে বিনোদন জগতে পরিচিতি পান তিনি। ২০১৭ সালে ‘সৎ শ্রীআকাল ইংল্যান্ড’ ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন এবং পরে একাধিক পাঞ্জাবি ছবিতে অভিনয় করেন। ২০১৯ সালে ‘বিগ বস ১৩’-এ অংশ নেওয়ার পর ভারতজুড়ে তার পরিচিতি আরও বাড়ে। ওই অনুষ্ঠানে তৃতীয় স্থান অর্জন করেন তিনি। এরপর ২০২৩ সালে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তার। ‘ইক কুড়ি’ ছবির মাধ্যমে প্রযোজনাতেও যুক্ত হয়েছেন শেহনাজ।



ফেসবুক কর্নার