September 15, 2026, 7:53 pm

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি প্রতারণা করছে

অভয়নগর প্রতিবেদক

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে এবং গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবি বারবার জানানো হলেও বিএনপি নানা অজুহাতে তা বাস্তবায়ন করছে না। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন বলেও উল্লেখ করেন তিনি। বারবার প্রতিবাদ জানানোর পরও বিষয়টিতে বিএনপি কর্ণপাত করছে না বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা।
আজহারুল ইসলাম বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতেই তারা রাজপথে কর্মসূচি নিয়ে নেমেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়ার জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার