September 19, 2026, 10:14 am

রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন

ইসমাইল হোসেন

রাজধানীর কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে এসব বিস্ফোরণের সঙ্গে বাসে অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে যাত্রাবাড়ী এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ওই এলাকায় যানবাহন ও মানুষের চলাচল ছিল। পরপর বিস্ফোরণের শব্দে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য আশপাশের দোকান ও ভবনে চলে যান। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।



ফেসবুক কর্নার