September 19, 2026, 9:23 am

সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস, ফার্মেসিতে জরিমানা

সুজন আহমদ (সিলেট প্রতিনিধি)

সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গেটের বিপরীতে অবস্থিত আল-মদীনা ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ফার্মেসির সামনেই পুড়িয়ে নষ্ট করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ফার্মেসিটির ফ্রিজে সংরক্ষিত ওষুধের প্রায় ৯৯ শতাংশই মেয়াদোত্তীর্ণ ছিল। ভালো ওষুধের সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ একই ফ্রিজে সংরক্ষণ করায় বিষয়টি অভিযানে শনাক্ত হয়। পরে এসব ওষুধ জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ ছাড়া ফার্মেসিতে আরও কিছু অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া।
সহকারী পরিচালক মো. আরিফ মিয়া বলেন, ফার্মেসিটির ফ্রিজে ভালো ওষুধের সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হয়েছিল। পাশাপাশি আরও কিছু অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণের মতো অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার