September 20, 2026, 8:00 am

কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহে সাংবাদিককে হামলার অভিযোগ

নাইম বিশ্বাস, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুণ্ডুপাড়া এলাকায় রাস্তা নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘বাংলা টিভি’র কুমারখালী-খোকসা প্রতিনিধি এম এ উল্লাস হামলার শিকার হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্থানীয় সূত্র ও আহত সাংবাদিকের অভিযোগ, সংবাদ সংগ্রহের সময় কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হোসেনের স্বজনদের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। স্থানীয় প্রশাসন এর আগে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। পরে হামলার খবর পেয়ে স্থানীয় অন্য সংবাদকর্মীরা সেখানে গেলে তাঁদেরও বাধা ও ভয়ভীতি দেখানো হয় এবং মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট সাংবাদিকরা। তবে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানিয়েছেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা তিনি শুনেছেন; লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শনিবার সন্ধ্যায় হামলার ঘটনায় এম এ উল্লাস কুমারখালী থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন বলে ইউএনবি জানিয়েছে।
ঘটনার পর কুমারখালী ও খোকসায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সাংবাদিক নেতারা দায়িত্ব পালনরত সংবাদকর্মীর ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় মামলায় নাম থাকা ব্যক্তিদের মধ্যে আফজাল হোসেনের স্বজন মো. আনোয়ার হোসেন ও তাঁর ছেলে শোভন হোসেনের নামও রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় রাস্তা নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়টিও তদন্তের দাবি উঠেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।



ফেসবুক কর্নার