September 21, 2026, 11:36 pm

জ্বালানির দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা হচ্ছে

আনোয়ার হোসেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, জ্বালানির দাম একলাফে ২০ টাকা বৃদ্ধি করে জনগণকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এর প্রভাব জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে পড়বে বলে মন্তব্য করেন তিনি। পরিবহন খরচ ও দ্রব্যমূল্য বাড়ার পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি উল্লেখ করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে গাউছিয়া রয়েল মুন রেস্টুরেন্টে আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বৈশ্বিক সংকট রয়েছে, তবে সরকারের কাজ হলো সংকট মোকাবিলা করা। সরকার যদি সংকটের চাপ সরাসরি জনগণের ওপর দিয়ে দেয়, তাহলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পীর সাহেব চরমোনাই আরও বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ নাজেহাল। চলমান দুর্নীতি ও দুঃশাসনকে তিনি এসব অস্থিরতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা ছাড়া এ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
আইএবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব আব্দুর রশীদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতী শিব্বির আহমাদের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমাদ মুন্সী, মাওলানা হাবিবুর রহমান জিহাদী, নজরুল ইসলাম মাস্টার, জয়েন্ট সেক্রেটারি মো. মনির হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সামছুল আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, মাসুদ রানা, প্রচার সম্পাদক মাওলানা মো. হোসাইন গাজী, দপ্তর সম্পাদক মাও. শহিদুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাকসুদুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাও. আবু রায়হান সাইফিসহ আমন্ত্রিত সুধীবৃন্দ।



ফেসবুক কর্নার