
কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক ১২ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ও ভুক্তভোগী সম্পর্কে চাচাতো ভাই-বোন এবং একই বিদ্যালয়ের শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ক্যানসারে আক্রান্ত হয়ে ওই ছাত্রীর মা মারা যাওয়ার পর থেকে সে দাদির কাছে বসবাস করছে। গত ১৯ সেপ্টেম্বর সকালে ছাত্রীর বাবা ১০ টাকা দিয়ে তা মেয়ের কাছে পৌঁছে দিতে ওই কিশোরকে বাড়িতে পাঠান। তখন ছাত্রী ঘরে ভাত খাচ্ছিল। অভিযোগ রয়েছে, ওই কিশোর ঘরে প্রবেশ করে ভাত খাওয়ার কথা বলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয় বলে জানা গেছে।
পুলিশ সোমবার বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নেয়। পরে তার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মঙ্গলবার সকালে মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, তদন্ত চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ভবিষ্যৎ নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে ভুক্তভোগী ছাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি।