
ময়মনসিংহের গফরগাঁওয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে করা মামলার পাঁচ আসামির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি এলাকায় সকাল থেকে দুপুরে বাড়িঘর ভাঙচুর এবং রাতে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর রাতে পাঁচ আসামি ওই বাড়িতে ঢুকে গৃহবধূর ১৬ বছর বয়সী ছেলেকে অস্ত্রের মুখে গাছের সঙ্গে বেঁধে রাখে বলে অভিযোগ। পরে গৃহবধূকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুটের পর ধর্ষণ এবং ভিডিও ধারণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর মামলা হলে পুলিশ রাজিব নামে একজনকে গ্রেপ্তার করে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর মঙ্গলবার স্থানীয়রা আসামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর রাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই বসতঘরগুলো পুড়ে যায়। গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান শেখ জানান, ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। একই দিন আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেন।