September 24, 2026, 11:26 pm

রাজশাহীতে ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা উদ্ধার

মোঃ সিদ্দিকুর রহমান বাবু, রাজশাহী জেলা প্রতিনিধি

সীমান্তে উদ্ধার হওয়া ২৬টি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি ও ১ হাজার ৮১৮টি প্রাচীন মুদ্রা বাংলাদেশ জাতীয় জাদুঘরে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব প্রত্নসম্পদ হস্তান্তর করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি আর্টিলারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালক মোঃ সাদেকুল ইসলাম ও কীপার মোহাম্মদ মনিরুল হকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের কাছে প্রত্নসম্পদগুলো হস্তান্তর করেন। পরে এসব প্রত্নসম্পদ বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগে সংরক্ষণের জন্য নেওয়া হয়।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার, অস্ত্র ও প্রত্নসম্পদ পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ১ বিজিবির অধিনায়ক বলেন, প্রত্নসম্পদ একটি জাতির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ নিদর্শন। এসব সম্পদের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মূল্য বিবেচনায় অবৈধ পাচার ও ধ্বংস রোধে বিজিবি গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার