
চট্টগ্রামের আনোয়ারায় নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে স্ত্রী জাহান্নাতুল ফেরদৌস (৩১) পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার স্বামী মো. এনামুল হক (৩৮)। এ ঘটনায় তিনি আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৭টার দিকে একটি প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন জাহান্নাতুল ফেরদৌস। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি বলে অভিযোগকারীর দাবি।
এনামুল হকের অভিযোগ, বাড়ি থেকে যাওয়ার সময় তার স্ত্রী দুই জোড়া স্বর্ণের কানের দুল, যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা, কিস্তি থেকে জমানো নগদ ১ লাখ ৫ হাজার টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে নিয়ে যান। স্ত্রী চলে যাওয়ার পর তাদের দুই সন্তান সাদিয়া সুলতানা (১২) ও সামিয়া সুলতানা (৪)কে নিয়ে তিনি বিপাকে পড়েছেন বলেও অভিযোগ করেন। স্ত্রীকে ফিরিয়ে আনতে স্থানীয়ভাবে একাধিকবার চেষ্টা করেও সফল হননি বলে জানান তিনি। পরবর্তীতে স্ত্রী তার মা ও ভাইদের সঙ্গে অবস্থান করছেন বলে জানতে পারেন এবং তারা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।
নিজের ও সন্তানদের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছেন এনামুল হক। অভিযুক্ত জাহান্নাতুল ফেরদৌসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল নম্বর ও স্থায়ী ঠিকানা পরিবর্তন করায় তার বক্তব্য পাওয়া যায়নি। আনোয়ারা থানার ওসি জুনায়েদ বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট বেলাল হোসেন বলেন, দুই সন্তানের মা সংসার ছেড়ে চলে যাওয়ার ঘটনায় শিশুদের মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি আইনগতভাবে তদন্তের আওতায় আসতে পারে।