
সিলেটের জৈন্তাপুরে জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি দোনলা বন্দুক ও পুলিশের মালখানা থেকে লুট হওয়া চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় আরও দুই রাউন্ড তাজা রাইফেলের গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হরিপুর বাজারের হাউদপাড়া সংলগ্ন সিলেট-জাফলং মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চার রাউন্ড কার্তুজ জৈন্তাপুর থানার মালখানা থেকে লুট হওয়া বলে জানানো হয়েছে। তবে এসব অস্ত্র ও গোলাবারুদ সেখানে কারা রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হরিপুর এলাকায় সক্রিয় চোরাকারবারি ও সংঘবদ্ধ চোরাচালানকারীদের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের তথ্য রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে কোনো চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। অস্ত্রের উৎস ও জড়িতদের শনাক্তে গোয়েন্দা অনুসন্ধান চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।