September 27, 2026, 10:56 pm

পঞ্চগড়ে নারী হত্যা মামলায় ১২ ঘণ্টায় গ্রেপ্তার ১

ময়নুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেতের আইল থেকে নুরবানু ওরফে হাসিনা (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় মাহাবুল হক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের ভাষ্য, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মাহাবুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সকালে চিলাহাটি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাহাবুলের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। ২৬ সেপ্টেম্বর ভোরে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, মাহাবুল নিহত নারীর প্রতিবেশী এবং তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় নিহতের ছেলে মো. হাচিনুর রহমান মিঠু বাদী হয়ে দেবীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার